জীবনের চক্রব্যূহে আমরা সবাই অভিমন্যু

জীবনের চক্রব্যূহে আমরা সবাই অভিমন্যু

 


বাহির হবার পথ জেনে প্রবেশ করতে হয়

“Begin with the end in mind.”

জীবনে আমরা সবাই কিছু না কিছু অর্জনের দৌড়ে আছি। কেউ অর্থের পিছনে, কেউ ক্ষমতার পিছনে, কেউ সফলতার পিছনে। কিন্তু একটি বিষয় খুব কম মানুষই ভাবি: যে পথে প্রবেশ করছি, সেখান থেকে বের হওয়ার পথ জানি তো?

কুরুক্ষেত্রের যুদ্ধের ১৩তম দিনে কৌরব সেনাপতি দ্রোণাচার্য এক দুর্ভেদ্য চক্রব্যূহ রচনা করেন। সেই ব্যূহ ভেদ করার কৌশল খুব অল্প কয়েকজনেরই জানা ছিল। ঐ সময়ে অর্জুন অন্যত্র যুদ্ধে ব্যস্ত থাকায়, মাত্র ১৬ বছরের যুবক অভিমন্যুকে যুদ্ধক্ষেত্রে নামতে হয়।

প্রচলিত কাহিনি অনুযায়ী, মাতৃগর্ভে থাকা অবস্থায় অভিমন্যু চক্রব্যূহে প্রবেশের কৌশল শুনেছিলেন। কিন্তু বের হওয়ার পদ্ধতি শোনার আগেই মা সুভদ্রা ঘুমিয়ে পড়েন। ফলে প্রবেশের জ্ঞান ছিল, কিন্তু প্রস্থানের পথ জানা ছিল না।

অভিমন্যু সাহসের সাথে ব্যূহে প্রবেশ করেন। একাই অসংখ্য বীর যোদ্ধার মোকাবিলা করেন। কিন্তু শেষ পর্যন্ত বহু মহারথী একত্র হয়ে তাঁকে ঘিরে ফেলে। যুদ্ধের নিয়ম ভঙ্গ করে অস্ত্রহীন অবস্থায় তাঁকে হত্যা করা হয়।

এই ঘটনাটি শুধু মহাভারতের একটি যুদ্ধগাথা নয়, এটি জীবনের গভীর বাস্তবতা।

আমাদের জীবনেও অনেক “চক্রব্যূহ” আছে।
অর্থ, চাকরি, সম্পর্ক, ব্যবসা, ক্ষমতা, সামাজিক স্বীকৃতি...
আমরা প্রবেশের জন্য মরিয়া হয়ে উঠি, কিন্তু কখন থামতে হবে, কিভাবে বের হতে হবে, কিংবা এর শেষ পরিণাম কী হতে পারে, তা নিয়ে ভাবি না।

অনেক সময় সামান্য অদক্ষতা বা দূরদর্শিতার অভাবও বড় মূল্য আদায় করে।

ইতিহাসে নেপোলিয়ন বোনাপোর্টের পতনের পেছনেও কৌশলগত ভুলের কথা বলা হয়। আবার জীবনের শেষ সময়ে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত জীবন তাঁকে এক কঠিন পরিণতির দিকে ঠেলে দেয়। ক্ষমতা ও জয়ের শিখরেও স্থায়িত্ব নেই, যদি পরিণামের হিসাব ভুল হয়।

আজকের পৃথিবীতে মানুষ ছুটছে অবিরাম।
আরও টাকা, আরও সফলতা, আরও পরিচিতির জন্য।
কিন্তু এই দৌড়ের শেষে কী আছে, সেটি নিয়ে ভাবার সময় যেন কারও নেই।

জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে তাই একটি প্রশ্ন জরুরি:

“আমি যে পথে প্রবেশ করছি, সেখান থেকে বের হওয়ার পথ জানি তো?”

কারণ সব যুদ্ধে জয়ী হওয়াই বুদ্ধিমানের কাজ নয়।
কিছু যুদ্ধ থেকে সঠিক সময়ে বের হয়ে আসাটাও প্রজ্ঞা।


🕒 সময় ব্যবস্থাপনার ৯টি কার্যকর কৌশল (প্রতিদিন বেশি কাজ, কম চাপ)

 জীবনকে বদলে দেওয়ার ১২টি সহজ কৌশল: ছোট পদক্ষেপেই আসুক বড় সাফল্য 

Post a Comment

0 Comments